ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১০:৪৮ এএম
আগামী পনেরো দিনের মধ্যে সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছে সরকার। পাশাপাশি দেশের যেসব নদী ও জলাশয় অবৈধ দখলে রয়েছে, সেগুলো দ্রুত দখলমুক্ত করে খননকাজের আওতায় আনা হবে। বৃহস্পতিবার রাতে পঞ্চগড় সার্কিট হাউসে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
সাধারণ মানুষ, প্রশাসন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বিত উদ্যোগে এই বৃহৎ কর্মসূচি বাস্তবায়িত হবে বলে তিনি নিশ্চিত করেন।পানিসম্পদ প্রতিমন্ত্রী তার বক্তব্যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলের খাল খনন কর্মসূচির কথা স্মরণ করিয়ে দেন।
তিনি জানান, উননিশ শ সাতাত্তর সাল থেকে একাশি সাল পর্যন্ত দেশে প্রায় দুই হাজার মাইলেরও বেশি খাল খনন করা হয়েছিল। সেই ঐতিহাসিক উদ্যোগকে মডেল হিসেবে ধরে আগামী পনেরো দিনের মধ্যে নতুন করে এই কর্মসূচি মাঠে নামানো হচ্ছে। এর মাধ্যমে দেশের সেচব্যবস্থা ও কৃষিখাতের ব্যাপক উন্নয়ন সম্ভব হবে বলে সরকার প্রত্যাশা করছে।
নদীমাতৃক এই দেশে পানির সঠিক প্রবাহ নিশ্চিত করতে জলাশয়গুলো দখলমুক্ত করা সরকারের অন্যতম অগ্রাধিকার বলে তিনি উল্লেখ করেন।খাল খননের পাশাপাশি পরিবেশ ও আবহাওয়ার ভারসাম্য রক্ষায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিও হাতে নেওয়া হচ্ছে বলে প্রতিমন্ত্রী জানিয়েছেন। পঞ্চগড় সার্কিট হাউসে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় জেলা প্রশাসন, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ এবং স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী এসব কর্মকর্তাদের সঙ্গে জেলার সার্বিক পরিস্থিতি এবং সরকারের নতুন কর্মসূচিগুলো বাস্তবায়নের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। স্থানীয় প্রশাসনকে সাধারণ মানুষের কল্যাণে আরও স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে কাজ করার নির্দেশ দেন তিনি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন