অক্টোবর ৮, ২০২৬, ০৯:৫১ এএম
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাজশাহীর বেশ কিছু এলাকায় বৃহস্পতিবার টানা সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি বা নেসকোর রাজশাহী বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বুধবার এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সামনে শারদীয় দুর্গাপূজা।
পূজা উপলক্ষে বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাছাকাছি থাকা বিভিন্ন গাছের শাখা-প্রশাখা কেটে ফেলা হবে। বিতরণ লাইনের এই জরুরি কাজের জন্যই নির্দিষ্ট এলাকাগুলোতে পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে।
প্রথম ধাপে সকাল সাড়ে ৭টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ৩ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। এই সময়ে ১১ কেভি সূর্যপুর ফিডারের আওতায় থাকা পূর্ব বাঘহাটা, পিল্লাপাড়া, মথুরা, সাহাপাড়া ও এর আশপাশের এলাকাগুলোতে সরবরাহ বন্ধ রাখা হবে।
এরপর দ্বিতীয় ধাপে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাড়ে ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ স্থগিত থাকবে। এই দফায় মথুরা, সাহাপাড়া, সূর্যপুর, বড়গাছি ও ইটাঘাটিসহ সংলগ্ন এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না।
রক্ষণাবেক্ষণের কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হলে তাৎক্ষণিকভাবে সংযোগ চালু করা হবে বলে আশ্বস্ত করেছে নেসকো। সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। নিরবচ্ছিন্ন ও নিরাপদ সেবা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন