মার্চ ২৫, ২০২৬, ০৮:৪০ পিএম
সিলেট মহানগরীতে মোটরসাইকেলে জ্বালানি তেল সংগ্রহের ক্ষেত্রে তিনটি বিশেষ শর্ত জুড়ে দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। বুধবার ২৫ মার্চ সন্ধ্যায় এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নতুন নির্দেশনা জারি করা হয়েছে।
জননিরাপত্তা নিশ্চিত করতে এবং সড়ক পরিবহন আইন যথাযথভাবে বাস্তবায়নের লক্ষে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
নির্দেশনা অনুযায়ী এখন থেকে সিলেট নগরীর যেকোনো ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে তেল সংগ্রহ করতে হলে চালকের অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট মোটরসাইকেলটি যথাযথভাবে রেজিস্ট্রেশনকৃত বা নিবন্ধিত হতে হবে।
তৃতীয় শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে যে, চালক এবং আরোহী উভয়কেই বাধ্যতামূলকভাবে স্বচ্ছ ভাইজারযুক্ত হেলমেট পরিধান নিশ্চিত করতে হবে। এই শর্তগুলো পূরণ না হলে কোনো মোটরসাইকেল চালককে জ্বালানি তেল সরবরাহ না করার জন্য মহানগরীর সব ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।এসএমপি তাদের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করেছে যে, জনস্বার্থে জারিকৃত এই নির্দেশনা বাস্তবায়নে কোনো প্রকার শিথিলতা প্রদর্শন করা হবে না।
ফিলিং স্টেশনগুলোতে এই নিয়ম কার্যকর হচ্ছে কি না তা নিয়মিত তদারকি করবে পুলিশ। আইন অমান্যকারী বা নির্দেশনার বিরুদ্ধে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে। মূলত সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণ করতেই এই কঠোর অবস্থান নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। নগরবাসীকে এই নিয়ম মেনে চলার পাশাপাশি ট্রাফিক আইন বজায় রাখার আহ্বান জানিয়েছে পুলিশ প্রশাসন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন