রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নীলফামারীর পেট্রোল পাম্প মালিকদের বিশেষ নির্দেশনা ও মতবিনিময়

মোঃ শহিদুল ইসলাম

মার্চ ২৫, ২০২৬, ১০:৪৪ পিএম

নীলফামারীর পেট্রোল পাম্প মালিকদের বিশেষ নির্দেশনা ও মতবিনিময়

এমপির মতবিনিময় সভা ছবি-দিনাজপুর টিভি

নীলফামারীতে চলমান জ্বালানি তেল সংকট নিরসন এবং সাধারণ ভোক্তাদের ভোগান্তি কমাতে পেট্রোল পাম্প মালিকদের সাথে বিশেষ মতবিনিময় সভা করেছেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ। বুধবার (২৫ মার্চ) বিকেলে নীলফামারী সদর উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। 

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও নবনির্বাচিত এই সংসদ সদস্য ফিলিং স্টেশনগুলোর বর্তমান পরিস্থিতি এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার বিষয়ে পাম্প মালিকদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার আতিক আহমেদ এবং জামায়াতে ইসলামী নীলফামারী শহর শাখার আমির অধ্যাপক আনোয়ারুল ইসলাম। 

মতবিনিময় সভায় ফিলিং স্টেশনগুলোর প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন রাজা ফিলিং স্টেশনের মালিক রাজা আহমেদ, রশিদা ফিলিং স্টেশনের ম্যানেজার মেহেদী হাসান, চৌধুরী ফিলিং স্টেশনের ম্যানেজার মান্না দে এবং নীলসাগর ফিলিং স্টেশনের ম্যানেজার জিকরুল হক। বক্তারা বর্তমান সংকটের বিভিন্ন দিক এবং মাঠপর্যায়ে তেল সরবরাহের চ্যালেঞ্জগুলো সংসদ সদস্যের সামনে তুলে ধরেন।

সভায় সংসদ সদস্য আলফারুক আব্দুল লতিফ বলেন, জ্বালানি তেলের সংকটকে পুঁজি করে যাতে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলা হয়, সেদিকে পাম্প মালিকদের সজাগ থাকতে হবে। বিশেষ করে কৃষিকাজে যাতে তেলের সরবরাহ বিঘ্নিত না হয়, সে জন্য সার ডিলারদের সাথে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান তিনি। এছাড়া সাম্প্রতিক পরিস্থিতিতে ফিলিং স্টেশনগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়। সদর উপজেলার বিভিন্ন সার ডিলার, ফিলিং স্টেশনের মালিক ও ম্যানেজারদের অংশগ্রহণে এই সভাটি স্থানীয় পর্যায়ে জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।