মার্চ ২৬, ২০২৬, ১০:৪৯ এএম
রাজবাড়ীর দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার সকালে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল এই তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে ১১ জন নারী, ৮ জন শিশু এবং ৪ জন পুরুষ রয়েছেন বলে জানা গেছে।
ইতোমধ্যে উদ্ধারকৃত মরদেহের মধ্যে ২১ জনের পরিচয় শনাক্ত করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নদীর তীব্র স্রোত ও প্রতিকূল পরিবেশের মধ্যেও নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দলের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
জেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে গত বুধবার বিকেল সোয়া ৫টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস ৩ নম্বর পন্টুন দিয়ে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়।
মুহূর্তের মধ্যেই বাসটি পানিতে তলিয়ে গেলে স্থানীয়রা উদ্ধারে এগিয়ে আসেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ও নৌ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। রাজবাড়ীর জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর মো. হাফিজুর রহমান জানিয়েছেন যে এ পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে যার মধ্যে ২১ জনের স্বজনরা লাশ বুঝে নিয়েছেন। বাকিদের জন্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
নিহতদের মধ্যে রাজবাড়ী পৌরসভার ভবানীপুর এলাকার রেহেনা আক্তার ও আহনাফ তাহমিদ খান, কুষ্টিয়ার মর্জিনা খাতুন ও রাজীব বিশ্বাস এবং রাজবাড়ী সজ্জনকান্দা গ্রামের জহুরা অন্তি ও কাজী সাইফসহ আরও অনেকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এছাড়া গোয়ালন্দ, কালুখালী, কোটালীপাড়া এবং দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার নাছিমা নামের এক নারীর মরদেহও শনাক্ত করা হয়েছে। নিহত শিশুদের মধ্যে ৭ মাস বয়সী আরমান এবং ৩ বছর বয়সী ইস্রাফিলের মতো নিষ্পাপ প্রাণও রয়েছে।
দুর্ঘটনার পর থেকে ঘাটে শোকাবহ পরিবেশ বিরাজ করছে এবং শোকাতুর স্বজনদের আহাজারিতে এলাকাটি ভারী হয়ে উঠেছে।পুলিশ ও উদ্ধারকারী দল জানিয়েছে দুর্ঘটনার পর বাসের ভেতরে আরও কেউ আটকা পড়ে আছেন কি না তা নিশ্চিত করতে তল্লাশি চালানো হচ্ছে। নদীর তলদেশে বাসটির অবস্থান শনাক্ত করার পর ভারী ক্রেনের সাহায্যে তা ওপরে তোলার কাজ শুরু হয়েছে।
প্রাথমিক তদন্তে চালকের নিয়ন্ত্রণ হারানোকেই দুর্ঘটনার মূল কারণ হিসেবে ধারণা করা হলেও যান্ত্রিক ত্রুটির বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের দাফন ও শেষকৃত্যের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় স্থানীয় এলাকাসহ সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন