রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সাতক্ষীরায় মোটরসাইকেলে তেল নিতে লাগবে ফুয়েল কার্ড

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২৬, ২০২৬, ০২:২৯ পিএম

সাতক্ষীরায় মোটরসাইকেলে তেল নিতে লাগবে ফুয়েল কার্ড

সাতক্ষীরায় ফুয়েল কার্ড বাধ্যতামূলক

সাতক্ষীরা জেলায় মোটরসাইকেল চালকদের জ্বালানি তেল সংগ্রহের ক্ষেত্রে নতুন নিয়ম প্রবর্তন করেছে জেলা প্রশাসন। এখন থেকে পাম্প থেকে তেল নিতে হলে জেলা প্রশাসকের সিল ও স্বাক্ষরযুক্ত ‘ফুয়েল কার্ড’ প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে এই নির্দেশনা কার্যকর হয়েছে। 

জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম বুধবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। নির্দেশনার বিষয়ে জনসচেতনতা তৈরিতে জেলাজুড়ে মাইকিং করা হয়েছে।

জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ফুয়েল কার্ড ছাড়া এখন থেকে কোনো মোটরসাইকেলে তেল সরবরাহ করা হবে না। জ্বালানি তেল সংগ্রহের জন্য প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। নির্ধারিত এই সময়ের বাইরে কোনো ফিলিং স্টেশন বা ডিলার পয়েন্ট থেকে তেল বিক্রি করা যাবে না। 

তেল নেওয়ার সময় চালককে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন নম্বর এবং ট্যাক্স টোকেন সাথে রাখতে হবে। একই সাথে চালক ও আরোহীর হেলমেট পরিধান করা বাধ্যতামূলক করা হয়েছে।জ্বালানি তেল সংগ্রহে প্রয়োজনীয় এই ফুয়েল কার্ড জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

 

এছাড়া প্লাস্টিক বোতল, ড্রাম বা অন্য কোনো কন্টেইনারে জ্বালানি তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অনুমোদিত ফিলিং স্টেশন ছাড়া খোলা বাজারে জ্বালানি তেল ক্রয়-বিক্রয় বন্ধ রাখতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট পাম্প কর্তৃপক্ষ বা চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

এদিকে নতুন এই নিয়ম চালুর খবরে বুধবার রাত থেকেই সাতক্ষীরার বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন দেখা গেছে। নিয়মটি কার্যকরের প্রথম দিনেই অনেক চালক ভোগান্তির অভিযোগ তুলেছেন। বিশেষ করে কার্ড সংগ্রহের প্রক্রিয়া এবং সময়ের সীমাবদ্ধতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বাইক মালিকরা। তবে জেলা প্রশাসন মনে করছে এর ফলে জ্বালানি তেলের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত হবে এবং সড়কে শৃঙ্খলা ফিরবে।