রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঘোষণার পর বাতিল হলো ফুয়েল কার্ডের সিদ্ধান্ত

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২৬, ২০২৬, ০৪:৪৪ পিএম

ঘোষণার পর বাতিল হলো ফুয়েল কার্ডের সিদ্ধান্ত

সাতক্ষীরা জেলা প্রশাসন

সাতক্ষীরায় মোটরসাইকেলে জ্বালানি তেল সংগ্রহের ক্ষেত্রে জেলা প্রশাসকের সিল ও স্বাক্ষরযুক্ত ফুয়েল কার্ড বাধ্যতামূলক করার বিতর্কিত সিদ্ধান্ত থেকে সরে এসেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার ২৬ মার্চ দুপুরে এই সিদ্ধান্ত বাতিলের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন বিশ্বাস। 

মূলত জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার কারণেই প্রশাসন তাদের আগের অবস্থান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে বুধবার রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি জরুরি নির্দেশনা জারি করা হয়েছিল। সেখানে উল্লেখ করা হয় যে এখন থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো মোটরসাইকেল চালক পেট্রোল পাম্প বা ডিলার পয়েন্ট থেকে তেল সংগ্রহ করতে পারবেন না। 

এই কার্ড সংগ্রহ করার জন্য জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস অথবা জেলা প্রশাসনের ওয়েবসাইট থেকে ফরম নেওয়ার কথা বলা হয়েছিল। এ ছাড়া জ্বালানি তেল বিক্রির সময় প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। নিয়ম অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দিয়েছিল প্রশাসন।

অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস জানান যে জেলায় জ্বালানি তেল বিতরণে একটি শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যেই তারা প্রাথমিকভাবে এই উদ্যোগ গ্রহণ করেছিলেন। কিন্তু জনসাধারণের পক্ষ থেকে নানা ধরনের প্রতিক্রিয়া ও আপত্তির সৃষ্টি হওয়ায় তারা এই সিদ্ধান্তটি স্থগিত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। 

উল্লেখ্য যে আগের নির্দেশনায় তেলের জন্য চালকের ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন নম্বর ও ট্যাক্স টোকেন প্রদর্শন এবং হেলমেট পরিধান বাধ্যতামূলক করা হয়েছিল। তবে ফুয়েল কার্ডের সিদ্ধান্ত বাতিল হলেও প্লাস্টিক বোতল বা ড্রামে তেল বিক্রি এবং খোলা বাজারে জ্বালানি কেনাবেচার ওপর নিষেধাজ্ঞা পূর্বের মতোই বহাল থাকতে পারে। প্রশাসনের এই আকস্মিক সিদ্ধান্তে জেলার সাধারণ মোটরসাইকেল চালকদের মধ্যে স্বস্তি ফিরেছে।