বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

নীলফামারীতে কনস্টেবল নিয়োগের প্রাথমিক বাছাই সম্পন্ন

শহিদুল ইসলাম

এপ্রিল ২৪, ২০২৬, ০৭:৫৮ পিএম

নীলফামারীতে কনস্টেবল নিয়োগের প্রাথমিক বাছাই সম্পন্ন

ছবি-দিনাজপুর টিভি

নীলফামারী পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল বা টিআরসি পদে নিয়োগের প্রাথমিক বাছাইয়ের প্রথম দিনের কার্যক্রম অত্যন্ত সুশৃঙ্খল ও স্বচ্ছ পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এই কার্যক্রমে শত শত চাকরিপ্রত্যাশী তরুণ অংশগ্রহণ করেন। নিয়োগ বোর্ডের সরাসরি তত্ত্বাবধানে প্রার্থীদের উচ্চতা, ওজন এবং বুকের মাপ পরীক্ষার পাশাপাশি তাদের প্রয়োজনীয় একাডেমিক ও নাগরিকত্ব সংক্রান্ত কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হয়েছে।

নিয়োগ বোর্ডের সভাপতি ও নীলফামারী জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম নিজে উপস্থিত থেকে পুরো প্রক্রিয়াটি তদারকি করেন। তিনি উপস্থিত প্রার্থী ও তাদের অভিভাবকদের উদ্দেশে স্পষ্টভাবে জানিয়ে দেন যে, এবারের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ মেধা, শারীরিক দক্ষতা এবং যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন করা হবে। 

নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লেনদেন বা দালালের খপ্পরে না পড়ার জন্য তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। এসপি জানান, পুলিশ বাহিনীতে স্বচ্ছতা ফিরিয়ে আনতে যোগ্যরাই কেবল যোগদানের সুযোগ পাবেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আজ প্রথম ধাপের বাছাই প্রক্রিয়ায় যারা মানোত্তীর্ণ হয়েছেন, তারা আগামীকাল ২৫ এপ্রিল পরবর্তী কার্যক্রমের জন্য নির্বাচিত হয়েছেন। শনিবার দ্বিতীয় দিনে প্রার্থীদের ফিজিক্যাল এনডুরেন্স টেস্ট বা শারীরিক সক্ষমতা যাচাইয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পুরো কার্যক্রমের স্বচ্ছতা বজায় রাখতে পুলিশ সদর দপ্তরের প্রতিনিধি এবং নীলফামারী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। কোনো প্রতারক চক্র যেন প্রার্থীদের বিভ্রান্ত করতে না পারে, সেজন্য পুলিশ লাইন্স এলাকায় বিশেষ গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পুলিশের এই নিয়োগ ঘিরে জনমনে আস্থা ফিরিয়ে আনতে তারা বদ্ধপরিকর। যোগ্য প্রার্থী বাছাইয়ের এই ধারাবাহিকতা শেষ ধাপ পর্যন্ত বজায় থাকবে। জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে আশ্বস্ত করা হয়েছে যে, কেবল নিজের যোগ্যতা ও পরিশ্রম দিয়েই একজন প্রার্থী এই সম্মানজনক পেশায় যোগ দিতে পারবেন। আগামীকালকের শারীরিক সক্ষমতা যাচাইয়ের পরীক্ষা শেষে পরবর্তী ধাপের তারিখ ঘোষণা করা হবে বলে সূত্রটি নিশ্চিত করেছে।