রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত ব্যক্তি ‘শীর্ষ সন্ত্রাসী’ টিটন

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২৯, ২০২৬, ১২:১১ এএম

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত ব্যক্তি ‘শীর্ষ সন্ত্রাসী’ টিটন

শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন

ঢাকার নিউমার্কেট এলাকায় অস্ত্রধারীদের গুলিতে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তি তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ খন্দকার নাঈম আহমেদ টিটন বলে নিশ্চিত করা হয়েছে। মঙ্গলবার রাতে তার মৃত্যুর পর শুরুতে পরিচয় নিয়ে অস্পষ্টতা থাকলেও আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে পুলিশ বিষয়টি নিশ্চিত করে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ৫২ বছর বয়সী টিটন দুই দশকেরও বেশি সময় কারাগারে ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি কারামুক্ত হন। তার বিরুদ্ধে ঢাকা মহানগরীর রায়েরবাজার ও হাজারীবাগ এলাকায় আধিপত্য বিস্তারসহ হত্যা ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে।

পুলিশ সূত্র জানায়, খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন ২০০১ সালে ঘোষিত ২৩ জন শীর্ষ সন্ত্রাসীর তালিকার ২ নম্বর আসামি ছিলেন। তিনি আরেক তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক। ইমনের দাপটেই তিনি আন্ডারওয়ার্ল্ডে নিজের প্রভাব বিস্তার করেছিলেন বলে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য রয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে নিউমার্কেট ১ নম্বর গেট ও শহিদ শাহ নেওয়াজ হল সংলগ্ন রাস্তায় এ হামলার ঘটনা ঘটে। মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত টিটনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয়রা দুর্বৃত্তদের ধাওয়া করলে তারা আতঙ্ক সৃষ্টির জন্য ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ অবস্থায় টিটনকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তার মাথাসহ শরীরের একাধিক স্থানে গুলির চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে হাসপাতাল পুলিশ ক্যাম্প। নিহতের মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ এই হত্যাকাণ্ডের নেপথ্য কারণ ও হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু করেছে।