এপ্রিল ২৮, ২০২৬, ১০:০০ পিএম
রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। আনুমানিক ৪২ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে নিউমার্কেট ১ নম্বর গেট ও শহিদ শাহ নেওয়াজ হল সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী শিক্ষার্থী মো. মেজবাহ জানান, রাত ৮টার দিকে নিউমার্কেট ১ নম্বর গেটের সামনের রাস্তায় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত ওই ব্যক্তিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন।
স্থানীয়রা দুর্বৃত্তদের ধাওয়া করলে তারা আতঙ্ক সৃষ্টির জন্য ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়।পরে স্থানীয়রা গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, চিকিৎসকের ভাষ্য অনুযায়ী নিহতের মাথাসহ শরীরের একাধিক স্থানে গুলির চিহ্ন রয়েছে। মরদেহটি বর্তমানে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে।
ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও অপরাধীদের শনাক্তে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।রাজধানীর গুরুত্বপূর্ণ এই এলাকায় এ ধরনের প্রকাশ্য হত্যাকাণ্ডের বিষয়ে স্থানীয়দের মধ্যে চরম নিরাপত্তা শঙ্কা দেখা দিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন