রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২৯, ২০২৬, ০৯:৩৯ এএম

কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার বাঁশেরতল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১১ জন গুরুতর আহত হয়েছেন।নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতদের পরিচয়: নিহতরা হলেন ভূরুঙ্গামারী উপজেলার আসাদমোড় উত্তর তিলাই গ্রামের মনির হোসেনের মেয়ে সাদিয়া (৮), জাহিদুল ইসলামের ছেলে নুরনবী (৩০) এবং ধলডাঙ্গা গ্রামের সাইফুর রহমানের ছেলে লিমন (২৮)। নিহত লিমন পেশায় মাইক্রোবাস চালক ছিলেন বলে জানা গেছে।

দুর্ঘটনার বিবরণ: স্থানীয় সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারীর বঙ্গসোনার হাট স্থলবন্দর থেকে পাথর বোঝাই একটি ট্রাক কুড়িগ্রাম শহরের দিকে যাচ্ছিল। পথে নাগেশ্বরী পৌরসভার বাঁশেরতল নামক স্থানে রংপুর থেকে ছেড়ে আসা ভূরুঙ্গামারীগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। 

সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান। পরে গুরুতর আহতদের উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।উদ্ধার অভিযান ও বর্তমান অবস্থা: খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন। 

আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের কুড়িগ্রাম সদর হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ওসি আব্দুল্লাহ হিল জামান জানান, নিহতদের মরদেহ বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। তবে দুর্ঘটনার পর ট্রাক চালক বা তার সহযোগীদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।