বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬,

সচল হলো তাজু ২.০ ফেসবুক পেজ, ভক্তদের কৃতজ্ঞতা জানালেন

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ৬, ২০২৬, ১২:২৯ পিএম

সচল হলো তাজু ২.০ ফেসবুক পেজ, ভক্তদের কৃতজ্ঞতা জানালেন

দেশজুড়ে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলাম তাজুর সাময়িকভাবে হারিয়ে যাওয়া ফেসবুক পেজটি আবারও সচল হয়েছে। সোমবার সকালে নিজের ‘তাজু ২.০’ পেজ থেকে একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি নিজেই এই সুখবরটি ভক্তদের জানিয়েছেন। প্রায় ১০ মিনিটের ওই ভিডিওতে তাজু তার পেজ ফিরে পাওয়ার অনুভূতি শেয়ার করার পাশাপাশি সংকটের সময়ে পাশে থাকা সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তাজু জানান, গত রোববার দুপুরের পর থেকে হঠাৎ করেই তার পেজটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে উধাও হয়ে যায়। দীর্ঘ সময় পেজটি খুঁজে না পাওয়ায় তিনি মানসিকভাবে বেশ ভেঙে পড়েছিলেন এবং বড় ধরনের সমস্যার সম্মুখীন হন। 

পরবর্তীতে ফেসবুক কর্তৃপক্ষের সহযোগিতায় পেজটি পুনরুদ্ধার করা সম্ভব হয়। ভিডিওতে তিনি বলেন, যারা এই কঠিন সময়ে তাকে সমর্থন দিয়েছেন এবং কারিগরিভাবে সহায়তা করেছেন, তাদের অবদান তিনি ভুলবেন না। 

তার সহজ-সরল উপস্থাপনা যেন আরও মানুষের কাছে পৌঁছাতে পারে সেই প্রার্থনাও করেন তিনি।কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার এই যুবক সম্প্রতি স্বাধীনতা দিবসে সরকারি নির্ধারিত দামে জিলাপি বিক্রির একটি ভিডিওর মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। তার সহজ-সরল বাচনভঙ্গি এবং গ্রামীণ জীবনের বাস্তব চিত্র তুলে ধরার ক্ষমতা দ্রুতই নেটিজেনদের মন জয় করে নেয়। ভাইরালের জাদুতে মাত্র আট দিনের ব্যবধানে তার পেজের অনুসারী সংখ্যা ৬ হাজার থেকে লাফিয়ে প্রায় ১১ লাখে পৌঁছায়। হঠাৎ করে জনপ্রিয়তা পাওয়ার পর কুড়িগ্রামের নারায়ণপুর ইউনিয়নে তার বাড়িতে এখন প্রতিদিন অসংখ্য ইউটিউবার ও সংবাদকর্মী ভিড় করছেন।

স্থানীয়রা জানিয়েছেন, দেশজুড়ে খ্যাতি ছড়ানোর পর তাজুর ব্যক্তিগত ও পারিবারিক জীবনে কিছুটা চাপের সৃষ্টি হয়েছে। বিভিন্ন মানুষের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন তার পরিবারের সদস্যরা। তবে তাজু জানিয়েছেন, তিনি নিয়মিতভাবে চরাঞ্চলের বঞ্চিত ও শ্রমজীবী মানুষের জীবন সংগ্রামের গল্প দর্শকদের সামনে তুলে ধরতে চান। সবার ভালোবাসা নিয়ে তিনি তার এই শৈল্পিক পথচলা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। পেজটি ফিরে আসায় তার লাখো অনুসারীর মাঝেও স্বস্তি ফিরে এসেছে।