রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বজ্রপাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে রক্ষা শিশুসন্তানের

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২৯, ২০২৬, ১২:৪৬ পিএম

বজ্রপাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে রক্ষা শিশুসন্তানের

বজ্রপাতে নিহত সুমন মন্ডল

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে বুধবার সকালে বজ্রপাতে সুমন মন্ডল (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তার কোলে থাকা সাড়ে তিন বছরের শিশুকন্যা সাফিয়া অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছে।মিজানপুর ইউনিয়নের মজ্জৎকোল গ্রামে সকাল পৌনে সাতটার দিকে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। 

নিহত সুমন ওই এলাকার সিদ্দিক মন্ডলের ছেলে। তিনি আগে একটি এনজিওতে কর্মরত ছিলেন।সুমনের পারিবারিক সূত্র জানায়, সকালে শিশুকন্যা সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের একটি দোকানে যাচ্ছিলেন তিনি। 

পথে আকস্মিক বজ্রপাত হলে শিশুটি তার কোল থেকে ছিটকে দূরে পড়ে যায়। এতে সুমন ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোল থেকে ছিটকে পড়ার পর শিশু সাফিয়ার নাক ও কান দিয়ে সামান্য রক্ত বের হলেও বর্তমানে সে আশঙ্কামুক্ত রয়েছে। স্থানীয়রা জানান, বাবার মৃত্যু হলেও কোল থেকে ছিটকে পড়া শিশুটির বেঁচে যাওয়া এক বিস্ময়কর ঘটনা।

রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ জানান, বজ্রপাতে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।