শহিদুল ইসলাম
এপ্রিল ২৯, ২০২৬, ০৮:০২ পিএম
ছবি-দিনাজপুর টিভি
নীলফামারীর সৈয়দপুরে অসুস্থ মায়ের সুস্থতা কামনায় মসজিদের দানবাক্সে একজোড়া স্বর্ণের কানের দুল ও নগদ টাকা দান করেছেন এক সন্তান। বুধবার (২৯ এপ্রিল) শহরের সাহেবপাড়া (হানিফ মোড়) এলাকার মসজিদে আলী (রা.)-এর দানবাক্স খোলার পর এই বিরল ঘটনাটি জানাজানি হয়।
মসজিদ সংশ্লিষ্টরা জানান, নিয়মিত বিরতিতে দানবাক্স খোলার সময় অন্যান্য টাকার সঙ্গে একটি ভাঁজ করা চিরকুট পাওয়া যায়। ওই চিরকুটের ভেতরে মোড়ানো ছিল একজোড়া স্বর্ণের কানের দুল এবং নগদ সাত হাজার টাকা।
চিরকুটে লেখা ছিল, ‘আমার আম্মু অসুস্থ আছে, আপনারা দোয়া করেন যেন সুস্থ হয়ে যায়।’আবেগঘন এই বার্তাটি পড়ার পর স্থানীয় মুসল্লি ও মসজিদ কমিটির সদস্যদের মধ্যে আলোচনার সৃষ্টি হয়েছে। ওই চিরকুটে দাতা নিজের নাম বা কোনো পরিচয় উল্লেখ করেননি। কেবল অসুস্থ মায়ের জন্য মুসল্লিদের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
পরিচয় গোপন রেখে একজন সন্তানের এমনভাবে দান করার বিষয়টি এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে।মসজিদ কমিটির সদস্যরা জানান, দানবাক্সে সাধারণত ছোটখাটো অঙ্কের টাকা বা মুদ্রা পাওয়া যায়। তবে এভাবে মায়ের সুস্থতা চেয়ে স্বর্ণালংকার ও মোটা অঙ্কের টাকা দেওয়ার ঘটনা এই এলাকায় প্রথম। বর্তমানে দাতার ইচ্ছা অনুযায়ী ওই অর্থ ও স্বর্ণালংকার মসজিদের তহবিলে জমা রাখা হয়েছে এবং মুসল্লিদের নিয়ে বিশেষ দোয়ার আয়োজন করার কথা জানানো হয়েছে।
সৈয়দপুর শহরের হানিফ মোড় এলাকার এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, মায়ের প্রতি সন্তানের অকৃত্রিম ভালোবাসা ও বিশ্বাসের অনন্য উদাহরণ এটি। উদ্ধারকৃত চিরকুট ও দানকৃত মালামাল বর্তমানে মসজিদ কর্তৃপক্ষের হেফাজতে রয়েছে।