মে ৩, ২০২৬, ০৯:১৩ পিএম
নীলফামারী সদর উপজেলায় তেল বিতরণে অনিয়মের অভিযোগে রশিদা ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৩ মে) দুপুরে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এই অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
সদর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রশিদা ফিলিং স্টেশনে সরকার নির্ধারিত নিয়ম লঙ্ঘন করে বোতল ও জারে তেল বিক্রি করা হচ্ছিল। এ ছাড়াও নির্ধারিত ফুয়েল কার্ড ছাড়া তেল সরবরাহ, পরিমাপে অসঙ্গতি এবং বিক্রয় ব্যবস্থাপনায় নানা অনিয়মের প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত। ভোক্তাদের অভিযোগ ও প্রাথমিক তদন্তের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুবাশ্বিরা আমাতুল্লাহ বলেন, জ্বালানি সরবরাহে স্বচ্ছতা নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে। তিনি আরও জানান, কোনো প্রতিষ্ঠানে তেলের পরিমাপে কম দেওয়া বা অবৈধভাবে মজুত করার প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অভিযান শেষে দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানটিকে তাদের অব্যবস্থাপনা দ্রুত কাটিয়ে ওঠার নির্দেশ দেওয়া হয়। জনস্বার্থে প্রশাসনের এমন তদারকি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন