মে ৬, ২০২৬, ০১:০৮ এএম
বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটি সংস্কারের জন্য আজ বুধবার (৬ মে) টানা তিন ঘণ্টা সুনামগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (৫ মে) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনামগঞ্জ ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র থেকে ৩৩/১১ কেভি উপকেন্দ্র পর্যন্ত সোর্স লাইনের একটি টাওয়ারের গোড়ায় মরিচা ধরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কালীপুর হাওর এলাকায় নতুন খুঁটি স্থাপনের এই জরুরি মেরামতের জন্য আজ সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পুরো সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, সংস্কার কাজটি গতকাল মঙ্গলবার হওয়ার কথা ছিল। কিন্তু সরকারের দুই মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার সফরসূচি থাকায় জনস্বার্থে তা এক দিন পিছিয়ে বুধবার নির্ধারণ করা হয়।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। কাজ শেষ হওয়া মাত্রই দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন