মে ৭, ২০২৬, ০৪:৩২ পিএম
নীলফামারী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে (টিএসসি) শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষার জন্য আধুনিক ইলেকট্রিক বাইক ও বাইসাইকেল যুক্ত করা হয়েছে। শিক্ষার্থীদের হাতে-কলমে আধুনিক মেকানিজম শেখানোর উদ্দেশ্যে প্রতিষ্ঠানটিতে নতুনভাবে এই প্রযুক্তিগত সরঞ্জাম সংযোজন করা হয়।
বুধবার (৬ মে) প্রতিষ্ঠান প্রাঙ্গণে নতুন এই শিক্ষা সরঞ্জামের উদ্বোধন করেন নীলফামারী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ সিদ্দিক সফিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি নিজেই একটি ইলেকট্রিক বাইক চালিয়ে কার্যক্রমের সূচনা করেন। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ওয়ালটনের ইলেকট্রিক বাইক এবং আকিজ গ্রুপের ইলেকট্রিক বাইসাইকেল ল্যাবে যুক্ত করা হয়েছে। বিশ্বজুড়ে জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব ইলেকট্রিক যানবাহনের (EV) চাহিদা বাড়ায় শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে ধারণা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা এখন থেকে তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি সরাসরি ইলেকট্রিক মোটর, লিথিয়াম ব্যাটারি এবং কন্ট্রোল সিস্টেমের কার্যকারিতা ও মেরামত পদ্ধতি শিখতে পারবে।
শিক্ষা কার্যক্রমে এমন আধুনিক সংযোজনে শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা দেখা দিয়েছে। ল্যাবে থাকা এই নতুন বাইক ও সাইকেলগুলো খুলে এবং মেরামত পদ্ধতি দেখে ভবিষ্যৎ কর্মসংস্থানের জন্য নিজেদের দক্ষ করে তুলতে পারবেন বলে শিক্ষার্থীরা মনে করছেন। অভিভাবকদের পক্ষ থেকেও এই বাস্তবধর্মী উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে।
উদ্বোধন শেষে অধ্যক্ষ প্রকৌশলী মোঃ সিদ্দিক সফিকুল ইসলাম বলেন, প্রযুক্তির পরিবর্তনের সাথে সাথে পাঠদান পদ্ধতিতেও আধুনিকায়ন প্রয়োজন। এই ইলেকট্রিক বাইক এবং সাইকেলগুলো শিক্ষার্থীদের হাতে-কলমে কারিগরি জ্ঞান অর্জনে সহায়তা করবে। যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে এই ধরনের আধুনিক সরঞ্জামের ব্যবহার বড় ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।
নীলফামারীতে কারিগরি শিক্ষার মানোন্নয়ন এবং আধুনিক প্রযুক্তিকে শিক্ষার্থীদের কাছাকাছি পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। ইভি প্রযুক্তির এই সংযোজন শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন