রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

গরুচোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১০, ২০২৬, ১১:০৬ এএম

গরুচোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা

পুড়ে যাওয়া চোরদের ট্রাক।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। রোববার (১০ মে) সকালে এই ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা চোরদের বহনকারী একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম গণপিটুনিতে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াকৈর এলাকায় বেশ কিছুদিন ধরে গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা অতিষ্ঠ ছিলেন। রোববার রাতে একদল চোর ট্রাক নিয়ে বাগমারা ও বাঘচালা এলাকায় গরু চুরি করতে আসে। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী চারদিক দিয়ে চোরদের ঘিরে ফেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধাওয়া খেয়ে চোরচক্রের বেশ কয়েকজন সদস্য পালিয়ে যেতে সক্ষম হলেও তিনজনকে ধরে ফেলে জনতা। এরপর তাদের গণপিটুনি দেওয়া হলে ঘটনাস্থলেই তারা নিহত হন। চোরদের মৃত্যুর পর বিক্ষুব্ধ জনতা তাদের নিয়ে আসা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। আগুনে ট্রাকটি সম্পূর্ণ পুড়ে গেছে।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, এলাকায় গরু চুরি নিয়ে জনরোষের জেরে এই গণপিটুনির ঘটনা ঘটেছে।বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে পুলিশ। নিহতদের পরিচয় শনাক্তকরণ এবং ঘটনার বিস্তারিত তদন্তের কাজ চলছে বলে জানিয়েছে থানা প্রশাসন।