রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নীলফামারী-২ আসনের এমপির প্রতিনিধি দলের রাস্তা সংস্কার কাজ পরিদর্শন

শহিদুল ইসলাম

মে ১১, ২০২৬, ১২:৪১ পিএম

নীলফামারী-২ আসনের এমপির প্রতিনিধি দলের রাস্তা সংস্কার কাজ পরিদর্শন

ছবি-দিনাজপুর টিভি

নীলফামারী শহরের গুরুত্বপূর্ণ বাইপাস মোড়ের রাস্তা সংস্কার ও উন্নয়ন কাজ পরিদর্শন করেছে নীলফামারী-২ আসনের মাননীয় সংসদ সদস্যের একটি বিশেষ প্রতিনিধি দল। সোমবার (১১ মে) সকালে উন্নয়ন কাজের গুণগত মান নিশ্চিত করতে এবং কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করতে তারা এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। 

পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা সংশ্লিষ্ট প্রকৌশলী ও শ্রমিকদের সাথে কথা বলেন এবং জনভোগান্তি লাঘবে দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ প্রদান করেন।

পরিদর্শনকালে প্রতিনিধি দলের সাথে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমীর মাওলানা ক্বারী আব্দুল আজিজ। এ সময় তিনি বলেন, "জনসাধারণের চলাচলের সুবিধার জন্য রাস্তার গুণগত মান বজায় রাখা অত্যন্ত জরুরি। বর্তমান সরকার এবং স্থানীয় সংসদ সদস্য এলাকার অবকাঠামোগত উন্নয়নে অঙ্গীকারবদ্ধ।" 

তিনি আরও জানান যে, এলাকার প্রতিটি উন্নয়নমূলক কাজের ওপর সাধারণ মানুষের নজরদারি এবং প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে যাতে বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত হয়।এ সময় ইটাখোলা ও টুপামারী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রতিনিধি দলের সঙ্গে উপস্থিত ছিলেন। স্থানীয় নেতৃবৃন্দ বাইপাস মোড়ের এই রাস্তাটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ায় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

তারা জানান, এই গুরুত্বপূর্ণ মোড়টি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করে, তাই এর টেকসই সংস্কার জননিরাপত্তার জন্য অত্যন্ত প্রয়োজন। প্রতিনিধি দলটি পরিদর্শন শেষে আশাবাদ ব্যক্ত করেন যে, নির্ধারিত সময়ের মধ্যেই রাস্তার কাজ সম্পন্ন হবে এবং নীলফামারী শহরবাসী এর সুফল ভোগ করতে পারবেন।