রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শাহবাগে জুলাই স্মৃতিস্তম্ভে জুতার মালা, সরিয়ে নিল জনতা

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৫, ২০২৬, ০৬:১৭ পিএম

শাহবাগে জুলাই স্মৃতিস্তম্ভে জুতার মালা, সরিয়ে নিল জনতা

শাহবাগের জুলাই স্মৃতিস্তম্ভ।

রাজধানীর শাহবাগে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে জুতার মালা পরিয়ে অবমাননা করেছে একদল দুর্বৃত্ত। শুক্রবার (১৫ মে) দুপুরে এই ঘটনা ঘটে। পরে সেখান থেকে জুতার মালাগুলো সরিয়ে নেন স্থানীয় জনতা। দিনে-দুপুরে ব্যস্ততম এলাকায় এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা।স্থানীয়রা জানান, শাহবাগ এলাকায় সবসময় বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক থাকে, কিন্তু এমন জঘন্য ঘটনার সময় কাউকে পাওয়া যায়নি। 

তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা জুলাইয়ের অর্জনকে অস্বীকার করে তারাই এ কাজ করেছে। সিসিটিভি ফুটেজ দেখে দায়ীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন উপস্থিত সাধারণ মানুষ। জনতা নিজেরাই সেই অবমাননাকর মালা সরিয়ে এলাকাটি পরিষ্কার করেন। সেখানে দায়িত্ব পালনকারী সংস্থাগুলোর ভূমিকা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন।

এদিকে শাহবাগ থানার পুলিশ এ বিষয়ে এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠেছে। ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, তিনি বিষয়টি সম্পর্কে কিছু জানেন না। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুজ্জামানকে কয়েকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। পুরো এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।