অক্টোবর ১১, ২০২৬, ০৮:১৭ পিএম
প্রায় এক দশক বন্ধ থাকার পর আধুনিক রূপ নিয়ে অবশেষে উন্মুক্ত হতে যাচ্ছে রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যান। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধানে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন করা এই উদ্যান এবং সেখানে নবনির্মিত `জুলাই স্মৃতিস্তম্ভ` আগামী ১৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন অনুষ্ঠান ও সুধী সমাবেশ শেষে একই দিন উদ্যানটি জনসাধারণের জন্য পুরোপুরি খুলে দেওয়া হবে।
রোববার (১১ অক্টোবর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বিশেষ প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে এ তথ্য নিশ্চিত করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম। `ওসমানী উদ্যান আধুনিকায়ন এবং নবনির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন উপলক্ষ্যে প্রস্তুতি সভা` শীর্ষক এই পর্যালোচনায় সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।
সভায় প্রতিমন্ত্রী জানান, প্রায় ১০ বছর বন্ধ থাকার পর নগরবাসী এই নয়নাভিরাম উদ্যানটি ব্যবহারের সুযোগ পাচ্ছেন। জুলাই শহীদ ও জুলাইয়ের বীর যোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে উদ্যানে নির্মাণ করা হয়েছে বিশেষ স্মৃতিস্তম্ভ। এই স্মৃতিস্তম্ভ দর্শনার্থীদের কাছে জুলাই-আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলন এবং বীর শহীদদের আত্মত্যাগের ইতিহাস জীবন্ত করে রাখবে।
নতুন আঙ্গিকে সাজানো ওসমানী উদ্যানে নগরবাসীর জন্য রাখা হয়েছে হাঁটার উন্মুক্ত পথ, পরিবার-পরিজন নিয়ে অবসর কাটানোর বিশেষ ব্যবস্থা এবং রেস্তোরাঁ। এ ছাড়া একটি আধুনিক পাঠাগার, শিশুদের জন্য পৃথক খেলার জায়গা, কৃত্রিম পানির ফোয়ারা ও নান্দনিক জলধারা তৈরি করা হয়েছে।
সচিবালয় সংলগ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঐতিহাসিক প্রাঙ্গণের পরিবেশ মনোরম রাখা এবং সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন টানা কাজ করে যাচ্ছে বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন।
উদ্বোধনী আয়োজনের এই প্রস্তুতি সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ আবদুস সালাম, স্থানীয় সরকার বিভাগের সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বাস্তবায়নকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন