রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,
আবুধাবি টেস্ট

আবুধাবি টেস্টে শান্ত ও মুশফিকের ব্যাটে ৩২৯ রানের বড় লিডে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ১১, ২০২৬, ০৮:৫১ পিএম

আবুধাবি টেস্টে শান্ত ও মুশফিকের ব্যাটে ৩২৯ রানের বড় লিডে বাংলাদেশ

আবুধাবি টেস্টের তৃতীয় দিনে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের দায়িত্বশীল ব্যাটিংয়ে বড় লিড নিয়ে চালকের আসনে রয়েছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে একপর্যায়ে দলীয় ৫৩ রানে তিন উইকেট হারিয়ে দল চাপে পড়লেও চতুর্থ উইকেটে এই দুজনের ১৫৯ রানের জুটি শক্ত ভিত্তি গড়ে দেয়। শেষ বিকেলে দ্রুত কয়েকটি উইকেট হারালেও তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২২৩ রান। ফলে সফরকারীদের মোট লিড দাঁড়িয়েছে ৩২৯ রানে।

প্রথম ইনিংসের লড়াই শেষে বাংলাদেশ ১০৬ রানের লিড পেয়েছিল।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় টাইগাররা। দলীয় ৩১ রানে ভাঙে উদ্বোধনী জুটি। ২২ বলে ১৩ রান করে সাজঘরে ফেরেন ওপেনার সাদমান ইসলাম। এরপর ১৪ বলে ৭ রান করে বিদায় নেন তিন নম্বরে নামা মুমিনুল হক। আগের ইনিংসে দারুণ খেলা ওপেনার তানজিদ হাসান তামিম আক্রমণাত্মক মেজাজে খেললেও বেশিক্ষণ টিকতে পারেননি, তিনি আউট হন ৩৮ বলে ৩১ রান করে। দ্রুত তিন উইকেট হারিয়ে বেশ অস্বস্তিতে পড়েছিল দল।

সেখান থেকে দলের হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিম।

চতুর্থ উইকেট জুটিতে এই দুই ব্যাটার দলকে বিপদমুক্ত করার পাশাপাশি আফগান বোলারদের ওপর আধিপত্য বিস্তার করেন। দুজনই ব্যক্তিগত অর্ধশতক স্পর্শ করে সেঞ্চুরির পথেই এগোচ্ছিলেন। তবে কেউই তিন অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। মুশফিক আউট হন ১৪৮ বলে নয়টি চারে সাজানো ৮১ রানের ইনিংস খেলে। অধিনায়ক শান্ত বিদায় নেওয়ার আগে খেলেন ১৯১ বলে পাঁচটি চারে গড়া ৮২ রানের ধৈর্যশীল ইনিংস।

দিনের শেষভাগে হঠাৎ ছন্দপতন ঘটে। নাইটওয়াচম্যান হিসেবে নেমে ৬ বলে ১ রান করে ফেরেন পেসার হাসান মাহমুদ। দিন শেষে ক্রিজে অপরাজিত আছেন লিটন দাস ৫ রানে এবং মেহেদী হাসান মিরাজ শূন্য রানে।

আফগানিস্তানের হয়ে বল হাতে সফল ছিলেন জিয়া উর রহমান ও ইয়ামিন আহমেদজাই, তারা দুজনেই দুটি করে উইকেট শিকার করেন। এছাড়া একটি করে উইকেট নেন মোহাম্মদ সেলিম ও কায়েস আহমেদ।