শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

খুলনা-মোংলা মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২০, ২০২৬, ০১:০৯ পিএম

খুলনা-মোংলা মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

মহাসড়কে দুর্ঘটনা

বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে চুলকাঠি এলাকার ভট্ট বালিয়াঘাটায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত তিন ব্যক্তিই ওই একই মোটরসাইকেলের আরোহী ছিলেন।দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে প্রাণ হারান মোটরসাইকেলটির চালক আব্দুল কাদের।

ওই মোটরসাইকেলটিতে তিনজন আরোহী খুলনার দিকে যাচ্ছিলেন। তারা চুলকাঠি ভট্ট বালিয়াঘাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সামনে পড়েন। মোংলাগামী ওই ট্রাকটি তখন দ্রুতগতিতে অন্য একটি গাড়িকে ওভারটেকিং করছিল। প্রচণ্ড গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এটি সরাসরি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় এবং চাকার নিচে টেনে নেয়।

আশপাশের লোকজন ছুটে এসে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন।মারাত্মক আহত অপর দুই আরোহীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। তাদের বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাফর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।