রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৭, ২০২৬, ০১:৪০ পিএম

চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

চমেক হাসপাতাল

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। আজ রোববার সকাল ৮টা থেকে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম বন্ধ রেখে তারা এই কর্মসূচি পালন করছেন। আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে বেলা ১১টার পর থেকে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরাও।

স্বাস্থ্যসেবায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, প্রশাসনের কাছে সময় চেয়েও তারা সমাধান পাননি। তাদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে গত ১৯ মে জারি করা এফসিপিএস প্রশিক্ষণসংক্রান্ত নির্দেশনা প্রত্যাহার, স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়ন, দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন, মাসিক ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণ এবং সরকারি চিকিৎসকদের জন্য পৃথক বেতন কাঠামো। 

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস সম্প্রতি উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ বাধ্যবাধকতা বাতিলের কথা জানিয়েছিল। তবে চিকিৎসকদের দাবি, এই সিদ্ধান্ত আংশিক ও অসম্পূর্ণ।

ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি সাকিব হোসেন জানান, রোগীদের কথা ভেবে তারা আগে দুই দফা সময় বেঁধে দিয়েছিলেন। কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় তারা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন।হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীদের ভোগান্তি কমাতে বিকল্প ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে। 

তবে আন্দোলনরত চিকিৎসকরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন তারা। দাবি আদায়ের লক্ষ্যে আজ দিনভর ক্যাম্পাসে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। প্রশাসন এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।