জুন ৮, ২০২৬, ১০:২৮ এএম
জামালপুরের দেওয়ানগঞ্জে ককটেল বিস্ফোরণের অভিযোগকে কেন্দ্র করে পৌর শহরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে মোটরসাইকেল শোডাউন করেছেন পৌর ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা।
মঙ্গলবার সন্ধ্যার পর শহরের স্টেশন এলাকা, গাবতলী ও কালীতলাসহ চারটি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।বিস্ফোরণের প্রতিবাদে ও অভিযুক্তদের শাস্তির দাবিতে পরে শহরে শোডাউন করেন ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা।
দেওয়ানগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক বিপ্লব মণ্ডল অভিযোগ করেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানার নেতৃত্বে শহরের চারটি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে কেউ হতাহত না হলেও জনমনে আতঙ্ক তৈরি হয়েছে।
তবে ককটেল বিস্ফোরণের এই অভিযোগ অস্বীকার করেছে ছাত্রলীগ। উল্টো ছাত্রদল ও বিএনপির কর্মীদের বিরুদ্ধেই দায় চাপিয়েছে তারা।বিষয়টি নিয়ে দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, যে জায়গাগুলোতে বিস্ফোরণের কথা বলা হচ্ছে, সেখানে পুলিশ পরিদর্শন করেছে। তবে কোথাও বিস্ফোরণের আলামত কিংবা প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি।
ঘটনার প্রকৃত কারণ ও বিস্ফোরণের উৎস উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। তবে এই অভিযোগ ও পাল্টা অভিযোগে দেওয়ানগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন