আগস্ট ৩১, ২০২৬, ১১:২১ পিএম
জামালপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার লাহিড়ীকান্দা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বাস ও অটোরিকশার সংঘর্ষ।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জামালপুর থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কা সামলাতে না পেরে বাসটি উল্টে সরাসরি অটোরিকশার ওপর গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই চারজনের প্রাণহানি ঘটে। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে হতাহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক বাসটির শাস্তির দাবিতে জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। সড়ক অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সব ধরনের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় মহাসড়ক থেকে উল্টে থাকা বাসটি সরানোর কাজ অব্যাহত রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন