শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, চালক ও সহকারী নিহত

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ১১, ২০২৬, ১০:৪৪ এএম

ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, চালক ও সহকারী নিহত

ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা এলাকায় এলপিজি সিলিন্ডারবাহী ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রাকের চালক ও সহকারী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে কাভার্ড ভ্যানের চালক ও সহকারীসহ অন্তত আটজন আহত হয়েছেন।

নিহতরা হলেন ট্রাকচালক জাহাঙ্গীর আলম (৪০) ও তাঁর সহকারী রাকিব হোসেন (১৮)। জাহাঙ্গীরের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলায় এবং রাকিবের বাড়ি একই জেলার বরুড়া উপজেলায়।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলিন্ডারবোঝাই ট্রাকটি চট্টগ্রাম থেকে কুমিল্লার দিকে যাচ্ছিল। মহাসড়কে ট্রাকটির চাকা পাঞ্চার হলে তা থামানো হয়। চালক ও সহকারী গাড়ি থেকে নেমে চাকা মেরামতের প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় পেছন থেকে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কার ফলে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকে থাকা এলপিজি সিলিন্ডারগুলো মহাসড়কে ছিটকে পড়ে। এতে ট্রাকের চালক, সহকারী ও কাভার্ড ভ্যানের যাত্রীসহ ১০ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর থেকে মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ড ভ্যানটি জব্দ করেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।