জুন ১৫, ২০২৬, ০৬:৫৮ পিএম
মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খান বংশ ও মোল্লা বংশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার ভোর থেকে শুরু হওয়া এই সহিংসতায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে।
সহিংসতার খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর ৬টা থেকে এলাকাটিতে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে একের পর এক ককটেল ফাটানো হয়। সাধারণ মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে পড়লে সকাল ৮টার দিকে দুই বংশের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, সংঘর্ষের সুযোগে ১৩টি ঘরবাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা জানান, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি আরও জানান, সহিংসতার সঙ্গে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে এবং অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকাটিতে থমথমে অবস্থা বিরাজ করছে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন