রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নওগাঁয় রেললাইনের পাশে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ১৭, ২০২৬, ১২:৫০ পিএম

নওগাঁয় রেললাইনের পাশে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার

নওগাঁর আত্রাই উপজেলায় রেললাইনের পাশ থেকে নেয়ামুল বাশির নামের এক কলেজ শিক্ষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার শাহাগোলা এলাকা থেকে তাঁর লাশটি উদ্ধার করে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। নিহত নেয়ামুল রাজশাহী জেলার বাগমারা উপজেলার নামকান দেওয়ান পাড়া গ্রামের মৃত নবিবর রহমানের ছেলে। 

তিনি নওগাঁ শহরের পার নওগাঁ চকরামচন্দ্র মহল্লায় স্থায়ীভাবে বসবাস করতেন এবং আত্রাই উপজেলার বড়শিমলা মহিলা কলেজে শিক্ষকতা করতেন।নিহতের পরিবারের দাবি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।শিক্ষকের স্ত্রী সাহিদ বেগম জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে গ্রামের বাড়ি থেকে নওগাঁর উদ্দেশে রওনা হয়েছিলেন নেয়ামুল। এদিন সন্ধ্যার কিছু আগে আত্রাই রেলওয়ে স্টেশন থেকে মুঠোফোনে স্ত্রীর সঙ্গে শেষবার কথা বলেন তিনি। 

সে সময় তিনি রাতে শহরে পৌঁছে এশার নামাজ পড়ার কথা জানিয়েছিলেন। কিন্তু এরপর থেকেই তাঁর ব্যক্তিগত মুঠোফোনটি সম্পূর্ণ বন্ধ পাওয়া যায় এবং বুধবার সকালে পুলিশের মাধ্যমে তাঁর মৃত্যুর খবর জানতে পারে পরিবার।স্থানীয় বাসিন্দারা সকালে রেললাইনের পাশে লাশ পড়ে থাকতে দেখে আত্রাই থানা পুলিশকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। 

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর জানান, যেহেতু ঘটনাটি রেললাইনের সীমানার ভেতরে তাই সান্তাহার রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয় এবং তারা এসে মরদেহ উদ্ধার করে। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাদা জোব্বা ও পাজামা পরিহিত মরদেহের পাশেই তাঁর ব্যবহৃত ব্যাগ, হাতঘড়ি, মোবাইল ফোন ও কিছু টাকা অক্ষত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিক সুরতহালে নিহতের মাথায় গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহটি স্থানীয় জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।