জুন ১৮, ২০২৬, ০৪:২০ পিএম
পঞ্চগড় সদরের চিলকা নদী থেকে পাথর তোলার সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি পুরোনো ও মরিচাধরা মর্টারশেল উদ্ধার করা হয়েছে। গত বুধবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার সাতমেড়া ইউনিয়নের ঝিটকিকুড়া এলাকার একটি পাকা রাস্তার পাশ থেকে পুলিশ এটি উদ্ধার করে। আকস্মিক এই ধ্বংসাত্মক অস্ত্র উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।
স্থানীয় কয়েকজন পাথর শ্রমিক নদী থেকে পাওয়ার পর এটিকে প্রথমে মূল্যবান গুপ্তধন মনে করেছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে যে সদর উপজেলার ঝিটকিকুড়া এলাকার আনোয়ার হোসেন, ফেরদৌস ও মোমিনুল ইসলামসহ কয়েকজন শ্রমিক সাতমেড়া ইউনিয়নের মাঝিপাড়া ব্রিজ সংলগ্ন চিলকা নদীতে বালু ও পাথর উত্তোলনের কাজ করছিলেন। ওই সময় মাটির গভীর থেকে তারা এই ভারী লোহার বস্তুুটি খুঁজে পান।
অজ্ঞতাবশত এটিকে প্রাচীন কোনো মূল্যবান ধাতব বা গুপ্তধন ভেবে তারা অত্যন্ত আগ্রহ নিয়ে নিজেদের বাড়িতে নিয়ে যান এবং পরিষ্কার করতে শুরু করেন। পরবর্তীতে প্রতিবেশীদের মাধ্যমে তারা জানতে পারেন যে এটি মূলত অতীতে যুদ্ধে ব্যবহৃত একটি জীবন্ত ও বিপজ্জনক বোমাসদৃশ মারাত্মক অস্ত্র।এই সত্য জানার পর আতঙ্কিত শ্রমিকেরা গভীর রাতে মর্টারশেলটি ঝিটকিকুড়া এলাকার রাস্তার পাশে ফেলে রেখে দ্রুত স্থান ত্যাগ করেন।
পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা পঞ্চগড় সদর থানা পুলিশকে খবর দেন। মধ্যরাতে সদর থানার উপ-পরিদর্শক চন্দন কুমার রায় সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা মর্টারশেলটি সম্পূর্ণ নিরাপদভাবে জব্দ করে থানায় নিয়ে আসেন। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে এটি অত্যন্ত পুরোনো হওয়ায় প্রাথমিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বলে ধারণা করা হচ্ছে এবং সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের মাধ্যমে এটি দ্রুত নিষ্ক্রিয় করার পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন