বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

খাগড়াছড়িতে পৃথক গোলাগুলিতে ইউপিডিএফের দুই সদস্য নিহত

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২৪, ২০২৬, ০৮:৪৬ পিএম

খাগড়াছড়িতে পৃথক গোলাগুলিতে ইউপিডিএফের দুই সদস্য নিহত

খাগড়াছড়ির রামগড় ও দীঘিনালা উপজেলায় পৃথক দুটি সংঘাত ও গোলাগুলির ঘটনায় আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউপিডিএফের প্রসীত গ্রুপের দুই সদস্য নিহত হয়েছেন। আজ বুধবারে ঘটা এসব ঘটনার পর সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।এই অভিযানের সময় আধুনিক আগ্নেয়াস্ত্রসহ সংগঠনের একজন সক্রিয় সদস্যকে আটক করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে রামগড় উপজেলার প্রেমতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় নিরাপত্তা বাহিনী। সেখানে তাদের উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফের সশস্ত্র কর্মীরা গুলিবর্ষণ শুরু করলে আইনশৃঙ্খলা বাহিনীও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ববিন ত্রিপুরা নামের এক কর্মী নিহত হন এবং মংসানু মারমা নামের অপর একজনকে একটি একে-৪৭ রাইফেলসহ আটক করা হয়।

অন্য ঘটনাটি ঘটে দুপুর ১টার দিকে দীঘিনালা উপজেলার বাবুছড়ার মুড়োগড়া এলাকায়, যেখানে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে সরাসরি গোলাগুলিতে সুজন চাকমা নামের আরেক সদস্য নিহত হন। তবে ইউপিডিএফের পক্ষ থেকে এই গোলাগুলির দাবি সম্পূর্ণ অস্বীকার করে ঘটনাগুলোকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করা হয়েছে। রামগড় টাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজির আলম এবং দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার পৃথক স্থান থেকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।