জুন ২৬, ২০২৬, ০৭:০১ পিএম
অনেকেই বাংলাদেশকে মালয়েশিয়া বা সিঙ্গাপুর বানানোর কথা বললেও সেভাবে চিন্তা না করে বরং এই দেশের মানবসম্পদকে দক্ষ করে একটি সময়োপযোগী বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার। আজ শুক্রবার দুপুরে পঞ্চগড়ে স্বপ্ন পূরণ অর্গানাইজেশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এই মন্তব্য করেন।
তিনি তরুণদের দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন।প্রতিমন্ত্রী বলেন, বর্তমান তরুণ সমাজকে স্কিল ডেভেলপমেন্ট বা দক্ষতার মাধ্যমে সময়োপযোগী করে গড়ে তুলতে পারলে বাংলাদেশকে উন্নতির শিখরে পৌঁছানো অনেক সহজ হবে। আর সেই লক্ষ্যেই বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে বাজেট বাড়িয়ে নতুন বাংলাদেশ গড়ার মহাপরিকল্পনা হাতে নিয়েছে।
বর্তমান নতুন প্রজন্ম বা জেন জি-কে উদ্দেশ্য করে তিনি জানান, পঞ্চগড় জেলায় আগামী দিনে প্রথাগত শিক্ষাব্যবস্থার পাশাপাশি বিভিন্ন টেকনিক্যাল বা কারিগরি প্রতিষ্ঠান তৈরি করে জেলার বেকারত্ব দূরীকরণের সুনির্দিষ্ট পরিকল্পনা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে।তিনি নিজে পঞ্চগড়ের বোদা উপজেলার মফস্বল অজপাড়া গাঁ পাঁচপীর থেকে কঠোর অধ্যাবসায় ও কর্মনিষ্ঠার মধ্য দিয়ে উঠে এসে মন্ত্রী হওয়ার বাস্তব উদাহরণ টেনে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী হওয়ার আহ্বান জানান।
স্বপ্ন পূরণ অর্গানাইজেশনের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সামিটে বিশেষ অতিথি হিসেবে ক্রিয়েটিভ আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা মনির হোসেন, মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যাপক আনসার আলী, জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চি এবং পৌর বিএনপি নেতা আবদুল্লাহ আল রণিক উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন। সামিটের শেষ অংশে কুইজসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী তরুণদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন