রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শাহবাগে নারী চিকিৎসকের মৃত্যু কীভাবে, কী বলছে পুলিশ

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২৭, ২০২৬, ০৬:৪০ পিএম

শাহবাগে নারী চিকিৎসকের মৃত্যু কীভাবে, কী বলছে পুলিশ

রাজধানীর শাহবাগ এলাকার আজিজ সুপার মার্কেটের একটি আবাসিক ফ্ল্যাট থেকে ফারাহ ফেরদৌস নামের এক নারী চিকিৎসকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফারাহ ৩৯তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বা বিএমইউতে কার্ডিওভাসকুলার কোর্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত ছিলেন। শুক্রবার বিকেলে ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সাল থেকে আজিজ সুপার মার্কেটের ১৪ তলার ওই ফ্ল্যাটে একাকী ভাড়া থাকতেন ফারাহ। তাঁর গ্রামের বাড়ি খুলনার ফুলতলা উপজেলায়, এবং তিনি অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আবদুর রশীদের বড় মেয়ে। গত ২৩ জুন দুপুরে ছোট বোনের সঙ্গে শেষবার মুঠোফোনে কথা হয়েছিল তাঁর। এরপর থেকে পরিবারের সদস্যরা তাঁর সাথে আর কোনো যোগাযোগ করতে পারেননি। খবর পেয়ে শাহবাগ থানার পুলিশ নিহতের ছোট বোনকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে খাটের ওপর বসা অবস্থায় ফারাহর মরদেহ উদ্ধার করে।

মরদেহটিতে ইতিমধ্যেই পচন ধরেছিল বলে পুলিশ জানিয়েছে।শাহবাগ থানার উপপরিদর্শক মোহাম্মদ একরামুল হক জানান, সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং আগে থেকে তাঁর বড় কোনো শারীরিক সমস্যা ছিল না বলেও পরিবার নিশ্চিত করেছে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, স্ট্রোকের কারণে ওই চিকিৎসকের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় শাহবাগ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন নিহতের ছোট বোন নজুলা ফেরদৌস, যিনি নিজেও একজন চিকিৎসক।