রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ছেলের দুশ্চিন্তায় স্ট্রোক করে হাসপাতালে চিন্ময় কৃষ্ণের মা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১, ২০২৬, ০৪:৫৫ পিএম

ছেলের দুশ্চিন্তায় স্ট্রোক করে হাসপাতালে চিন্ময় কৃষ্ণের মা

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা গুরুতর অসুস্থ হয়ে স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের কার্ডিয়াক বিভাগে ভর্তি করা হয়েছে। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে ছেলের কারাবন্দি জীবন, অসুস্থতার খবর এবং বারবার জামিন না পাওয়ার মানসিক চাপেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন।আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়।

পারিবারিক সূত্র জানিয়েছে, হাসপাতালে ভর্তির সময় তার হৃদ্‌যন্ত্র-সংক্রান্ত তীব্র জটিলতা দেখা দিয়েছিল। পরে প্রয়োজনীয় পরীক্ষা-নীক্ষা শেষে চিকিৎসকেরা তার জরুরি চিকিৎসা শুরু করেন। বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তিনি এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন বলে হাসপাতাল  কর্তৃপক্ষ জানিয়েছে। তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

স্বজনেরা জানান, চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হওয়ার পর থেকেই তার মা চরম মানসিক উদ্বেগ ও গভীর দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছিলেন। এর আগে ছেলের অসুস্থতার খবর শুনেও তিনি একবার হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন। সর্বশেষ জামিন শুনানিকে ঘিরে তিনি অত্যন্ত আশাবাদী ছিলেন। কিন্তু জামিন না হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

এই ঘটনার বিষয়ে শ্রী শ্রী জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপ-অভ্যর্থনা বিষয়ক সম্পাদক পলাশ সেন জানান, পুত্রের জামিন বাতিলের পর থেকে তিনি গভীর কাতরতায় ভুগছিলেন। দীর্ঘদিনের এই তীব্র মানসিক চাপের ধারাবাহিকতাতেই তিনি হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন। বর্তমানে তাকে কার্ডিয়াক বিভাগে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।