রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সাংবাদিক দেখেই দৌড় দিলেন সরকারি চিকিৎসক, ভিডিও ভাইরাল

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৩, ২০২৬, ০৪:২৯ পিএম

সাংবাদিক দেখেই দৌড় দিলেন সরকারি চিকিৎসক, ভিডিও ভাইরাল

অফিস ফাঁকি দিয়ে প্রাইভেট হাসপাতালে রোগী দেখার সময় সাংবাদিকের ক্যামেরার সামনে পড়ে দৌড়ে পালিয়েছেন সরকারি চিকিৎসক ডা. মো. ইনজামাম উল হক।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের আরামবাগ এলাকার চাঁপাই এ্যাপোলো হাসপাতালে। ইনজামাম উল হক চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে মেডিকেল অফিসার (কো-অর্ডিনেটর) হিসেবে কর্মরত। ওই সময় তিনি সেখানে এক রোগীর আল্ট্রাসনোগ্রাম করছিলেন।

সাংবাদিকদের ক্যামেরা দেখে চেয়ার থেকে উঠে দ্রুত হাসপাতাল থেকে বেরিয়ে যান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, তার পেছন পেছন সাংবাদিকরা আসার পর তিনি রাস্তায় দাঁড়িয়ে মুঠোফোনে ফেসবুক লাইভ শুরু করেন এবং নামাজ পড়তে এসেছেন বলে দাবি করেন। পরবর্তীতে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, দুপুরের বিরতিতে তিনি সেখানে চিকিৎসা দিতে এসেছিলেন।

যদিও সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দিন জানিয়েছেন, অফিস চলাকালীন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়ার কোনো সুযোগ নেই। তিনি এ বিষয়ে কোনো তথ্য জানতেন না বলে উল্লেখ করেন এবং অভিযোগ প্রমাণিত হলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

ঘটনার পর ডা. ইনজামাম উল হক ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এটিকে সাংবাদিকদের সঙ্গে ভুল বোঝাবুঝি হিসেবে উল্লেখ করেন। তবে এ বিষয়ে তার সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।