জুলাই ৪, ২০২৬, ০৭:০৬ পিএম
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নীলফামারীতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের বড় বাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয়। শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে ডিসি মোড়ে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। এই গণমিছিলে জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধরে রাখাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আন্তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা আমির মাওলানা আবু হানিফা শাহ, এনসিপির জেলা আহ্বায়ক আব্দুল মজিদ, ডাক্তার কামরুল ইসলাম দর্পণ এবং খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা আব্দুস সালাম।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশের সার্বিক উন্নয়ন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত এই বিজয়কে সুসংহত করতে দেশের প্রতিটি নাগরিকের ভূমিকা পালন করতে হবে।গণমিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। জুলাই স্মরণে নীলফামারীর বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ এই সমাবেশে যোগ দিয়ে সংহতি প্রকাশ করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন