শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,

এসিডযুক্ত পানি পান করে ৪ বছরের শিশুর মৃত্যু

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৬, ২০২৬, ০৭:৫৫ পিএম

এসিডযুক্ত পানি পান করে ৪ বছরের শিশুর মৃত্যু

কক্সবাজারের টেকনাফে ব্যাটারির এসিডযুক্ত পানি পান করে সাঈদুল আলম সামী (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ আড়াই মাস চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু ঘটে। সামী হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকার শামসুল আলমের শিশুপুত্র।দীর্ঘদিন খাদ্যনালিসহ শরীরের বিভিন্ন অংশে অস্ত্রোপচার করেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজারে পার্শ্ববর্তী একটি চায়ের দোকানে যায় সামী। সেখানে পাশে থাকা পানের দোকানদার কামাল হোসেনের রাখা ব্যাটারির পানি পান করতে দেন সামীর আপন ভাই কাজল। পানি পান করার পরপরই শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং রক্তবমি করতে শুরু করে। তাকে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সামীর বাবা শামসুল আলম অভিযোগ করে বলেন, এটি সাধারণ কোনো দুর্ঘটনা নয়, এটি হত্যাকাণ্ড। তিনি দাবি করেন, তার ছেলের চিকিৎসার জন্য সব সম্বল বিক্রি করে দিয়েছেন এবং অনেক মানুষ সহায়তা করেছেন, কিন্তু পরিবারটি শেষ পর্যন্ত তাদের সন্তানকে রক্ষা করতে পারেনি। তিনি এই ঘটনার যথাযথ বিচারের দাবি জানিয়েছেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, শিশুটির মৃত্যুর ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সামীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা এখন শোক কাটিয়ে ওঠার পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন।