রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রের বিষপানে আত্মহত্যার চেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৬, ২০২৬, ০৮:৩৪ পিএম

স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রের বিষপানে আত্মহত্যার চেষ্টা

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

নাটোরের লালপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিষপান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে পঞ্চম শ্রেণির এক ছাত্র। সোমবার দুপুরে বিদ্যালয় চলাকালীন এ ঘটনা ঘটে। রাকিব (১১) নামের ওই শিক্ষার্থী চরজাজিরা গ্রামের রফিজের ছেলে। তাকে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।চিকিৎসাধীন রাকিবের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছেন স্বজনরা।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১২টার দিকে রাকিব শ্রেণিকক্ষ থেকে বাইরে চলে যায়। কিছুক্ষণ পর সে আবার ভেতরে ফিরে আসে এবং তার শরীর থেকে বিষের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে। সহপাঠীরা বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে শ্রেণিশিক্ষককে জানান। পরে প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের সহযোগিতায় তাকে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

প্রাথমিক চিকিৎসা শেষে রাকিবের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম সুলতানা জানিয়েছেন, ঘটনাটি জানার পরপরই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষার্থীকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

বিকেল চারটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে থাকা রাকিবের স্বজনরা জানিয়েছেন, সে বর্তমানে কথা বলার মতো অবস্থায় রয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে এমন ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।