সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

২৫ বছর যে স্টেশন পরিষ্কার রেখেছেন, সেখানেই চিরনিদ্রায় ববি বেগম

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৯, ২০২৬, ০৮:৫৮ পিএম

২৫ বছর যে স্টেশন পরিষ্কার রেখেছেন, সেখানেই চিরনিদ্রায় ববি বেগম

নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলওয়ে স্টেশনে টানা ২৫ বছর পরিচ্ছন্নতা কর্মী হিসেবে দায়িত্ব পালন করা ববি বেগমকে স্টেশন-সংলগ্ন এলাকাতেই দাফন করা হয়েছে। বুধবার রাতে মেথিকান্দা রেলস্টেশনের প্রবেশমুখে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় উপজেলা প্রশাসন, পুলিশ, রাজনৈতিক নেতাসহ শত শত মানুষ অংশ নেন। জানাজা শেষে স্টেশনসংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়।দীর্ঘ ২৫ বছর ধরে তিনি নিষ্ঠার সঙ্গে স্টেশনের পরিবেশ পরিষ্কার রাখতেন।

গত শনিবার গভীর রাতে স্টেশনের পরিত্যক্ত একটি কক্ষে ঘুমিয়ে থাকা অবস্থায় দুর্বৃত্তদের হামলার শিকার হন ৭০ বছর বয়সী ববি বেগম। স্থানীয়দের অভিযোগ, হামলাকারীরা তাঁকে মারধর করে তাঁর জমানো টাকা লুট করে নিয়ে যায়। এতে তাঁর চোখ, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তাঁর মৃত্যু হয়।

ববি বেগমের নিজস্ব কোনো স্বজন ছিল না। স্টেশনের একটি ছোট কক্ষেই ছিল তাঁর বসবাস। বার্ধক্য ও বাকপ্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি স্টেশনের যাত্রীদের সেবায় নিয়োজিত ছিলেন। সামান্য বেতন ও যাত্রীদের সহায়তায় চলত তাঁর জীবন। তাঁর ওপর এই নৃশংস হামলা ও মৃত্যুর ঘটনায় স্থানীয় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জানাজায় রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান, রেলওয়ে পুলিশের সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দসহ বহু মানুষ উপস্থিত ছিলেন। তাঁর এই অকাল প্রয়াণে রেলওয়ে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।