শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখল বিজিবি

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১১, ২০২৬, ১১:২৭ এএম

পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখল বিজিবি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত দিয়ে তিন ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর বাধা ও স্থানীয়দের প্রতিবাদের মুখে বিএসএফের এই অপচেষ্টা ব্যর্থ হয়েছে।

শনিবার ভোররাতে উপজেলার বুড়িমারী ইউনিয়নের মদিরবাড়ী এলাকায় ষোলঘরিয়া সীমান্তের ধবলসুতী বিওপির আওতাধীন মেইন পিলার ৮৩৩-এর নাইন এস এলাকায় এ ঘটনা ঘটে।বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তের ভারতীয় ৯৮ ব্যাটালিয়ন বিএসএফের খরখরিয়া ক্যাম্পের সদস্যরা রাতের অন্ধকারে ৯ জন নারী, পুরুষ ও শিশুকে পুশইন করার চেষ্টা চালায়। 

তাদের মধ্যে ৬ জন বাংলাদেশে প্রবেশ করে পালিয়ে গেলেও অবশিষ্ট ৩ নারীকে বিজিবি ও স্থানীয় জনতা শূন্যরেখার ওপারে ভারতের অভ্যন্তরেই আটকে রাখতে সক্ষম হয়। বর্তমানে তারা ভারতের ১৫০ গজ অভ্যন্তরে অবস্থান করছে বলে জানা গেছে।

তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির একটি প্রেসনোটে জানানো হয়েছে, তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডারের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। দ্রুত পুশইনকৃত ব্যক্তিদের ফেরত নিয়ে যাওয়ার জন্য বিএসএফকে কড়া বার্তা দেওয়া হয়েছে।বর্তমানে সীমান্তে বিজিবি টহল ও তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। পুশব্যাক কার্যক্রম চলমান এবং ওই এলাকায় সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রাখা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।