জুলাই ২০, ২০২৬, ০৫:১৯ পিএম
টানা বৃষ্টিপাত ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটে নদ-নদীর পানি আবারও দ্রুত বাড়ছে। নদীর পানি এখনো বিপৎসীমা অতিক্রম না করলেও একাধিক পয়েন্টে তা বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। এতে সিলেটের নিম্নাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা তৈরি হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে।পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, এখন পর্যন্ত কোনো পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করেনি।
সিলেটের সব নদ-নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কানাইঘাটে সুরমা নদীর পানি বিপৎসীমার প্রায় ৩০ সেন্টিমিটার, সুরমা নদীর সিলেট সদর পয়েন্টে প্রায় ৮৫ সেন্টিমিটার এবং অমলশিদ পয়েন্টে প্রায় ১ দশমিক ১০ মিটার নিচে রয়েছে। কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টেও পানি বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে। যদিও কয়েকটি পয়েন্টে পানির উচ্চতা সামান্য বেড়েছে, তবে কোথাও বন্যার আশঙ্কাজনক পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস জানান, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে এখন পর্যন্ত বড় কোনো বন্যার আভাস পাওয়া যায়নি। সিলেটের বন্যা পরিস্থিতি মূলত মেঘালয়ের বৃষ্টিপাতের ওপর নির্ভরশীল। এখন পর্যন্ত সেখানে টানা ভারী বৃষ্টির খবর নেই। তবে ভৌগোলিক কারণে মেঘালয়ের পানি দ্রুত নেমে আসায় সাময়িক ঢল দেখা দিলেও আতঙ্কিত হওয়ার কারণ নেই।
তিনি সবাইকে পর্যাপ্ত নিরাপদ পানি ও বিশুদ্ধকরণ ট্যাবলেট মজুত রাখতে পরামর্শ দিয়েছেন। পাশাপাশি বন্যার সময় সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বর্ষাকালে যেকোনো সময় বৃষ্টিপাত হতে পারে, তাই সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন