জুলাই ২১, ২০২৬, ১০:০৪ এএম
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মর্মান্তিক এক দুর্ঘটনায় মা-মেয়েসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বৃষ্টির কারণে বিদ্যুতায়িত হয়ে যাওয়ার ফলে ঘটনাস্থলেই তাদের করুণ মৃত্যু হয়।নিহতরা হলেন বাদুরতলা এলাকার মোহাম্মদ ভিখুর স্ত্রী হাসিনা বেগম, তার ভাতিজি আশা খাতুন এবং আশার মেয়ে মিম।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বৃষ্টি চলাকালীন বাড়ির একটি লোহার মই বিদ্যুতায়িত হয়ে পড়ে। সেই মই দিয়ে ওপরে ওঠার সময় আশা খাতুন ও তার মেয়ে মিম প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের চিৎকার শুনে বাঁচাতে এগিয়ে যান হাসিনা বেগম। কিন্তু তাকেও বিদ্যুতায়িত মই স্পর্শ করায় তিনিও মারাত্মকভাবে আহত হন এবং ঘটনাস্থলেই তিনজনই প্রাণ হারান।
বারঘোরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃষ্টির কারণে অসাবধানতাবশত লোহার মইটি বিদ্যুতায়িত হয়ে এই বিপত্তি ঘটে। হঠাৎ একসঙ্গে তিনজনের এমন মৃত্যুতে পুরো বাদুরতলা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হোসাইন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত প্রক্রিয়া শুরু করেছে। এ ঘটনায় থানায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে। বর্ষাকালে বৈদ্যুতিক সংযোগ ও গৃহস্থালি সরঞ্জাম ব্যবহারে সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন