শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৫, ২০২৬, ১১:১৮ এএম

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

ছবি - সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ছয়জন নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সময়োপযোগী ও কঠোর পদক্ষেপে সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে।কেউ দেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি।শনিবার ভোরে মহেশপুর উপজেলার সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার পঁয়পঞ্চাশ অবলিক এমপি সংলগ্ন গেট দিয়ে এই ঘটনা ঘটে। 

ভারতের ঊনষাট বিএসএফ ব্যাটালিয়নের সিঙ্গামোড়া ক্যাম্পের সদস্যরা চারজন পুরুষ ও দুইজন নারীকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের চেষ্টা চালায়। সামন্তা বিওপির নিয়মিত টহল দলের নজরে বিষয়টি আসার সঙ্গে সঙ্গেই তারা কঠোর বাধা প্রদান করে। ফলে তারা দেশের অভ্যন্তরে প্রবেশ করতে ব্যর্থ হয়।

বর্তমানে ওই ছয়জন ব্যক্তি সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় বিশ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন বলে নিশ্চিত করেছে বিজিবি। এ বিষয়ে বিএসএফের কাছে তীব্র প্রতিবাদ ও আপত্তি জানানো হয়েছে।মহেশপুর ব্যাটালিয়ন আটান্ন বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ ও পুশইন রোধ করা এবং সীমান্ত এলাকার সার্বিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বদা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে।