জুলাই ৩১, ২০২৬, ০৫:৩৬ পিএম
পটুয়াখালীর কুয়াকাটায় কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে অফিস সহকারী জলিলুর রহমানের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং বিদ্যালয় পরিচালনা কমিটি অভিযুক্ত কর্মীকে সাময়িক বরখাস্ত করেছে। ভিডিওটি বৃহস্পতিবার রাতে ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর স্থানীয় লোকজনের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
অভিযুক্ত অফিস সহকারী ওই শিক্ষার্থীর বাসায় ইংরেজি বিষয়ে প্রাইভেট পড়াতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জহিরুল ইসলাম জানান, ভিডিও ছড়িয়ে পড়ার ও অনৈতিক আচরণের অভিযোগ ওঠার পর গত সোমবার চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির প্রাথমিক প্রতিবেদন ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ওই শিক্ষার্থীকে প্রায় তিন মাস আগেই বিদ্যালয় থেকে ছাড়পত্র দেওয়া হয়েছিল বলে জানান তিনি।মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিম হাওলাদার জানিয়েছেন, এই বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। সুনির্দিষ্ট অভিযোগ বা তথ্য পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন