বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

নীলফামারীতে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক কারবারী গ্রেপ্তার

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১, ২০২৬, ১০:১৮ এএম

নীলফামারীতে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক কারবারী গ্রেপ্তার

নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্যসহ এক পেশাদার কারবারীকে গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের একুশ বোতল নিষিদ্ধ সিরাপ এবং মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় আটচল্লিশ হাজার পাঁচশত টাকা।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে অভিযুক্তকে হাতেনাতে আটক করা হয়।জেলা পুলিশ সূত্রে জানা যায়, মাননীয় পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবি পুলিশের ইনচার্জের নেতৃত্বে সৈয়দপুর থানাধীন বোতলাগাড়ী ইউনিয়নের ভুল্লিপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। 

আটককৃত ব্যক্তি হলেন মো. সাহিদুল ইসলাম বাবু। তল্লাশির সময় তার হাতে থাকা বাজারের ব্যাগ ও ব্যবহৃত মোটরসাইকেলের সিটের ভেতর থেকে আট বোতল এসকফ কাফ সিরাপ এবং তের বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে যে ধৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসা চালিয়ে আসছিলেন। এ ঘটনায় সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।