আগস্ট ১, ২০২৬, ০৪:৩০ পিএম
গোপালগঞ্জে এক স্কুলছাত্রী ও এক যুবককে প্রকাশ্যে গাছের সঙ্গে বেঁধে নির্মম শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার পর অপমান ও লোকলজ্জায় অষ্টম শ্রেণির ওই ছাত্রী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে। গত সোমবার দুপুরে কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের রাহুথড় উদয়ন বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে।
ঘটনার চার দিন পার হলেও বিদ্যালয় কর্তৃপক্ষ এখনো কোনো দৃশ্যমান প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেনি।স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল চলাকালে ওই ছাত্রীকে রাহুথড় বড় ব্রিজ থেকে এবং ওই যুবককে বাড়ি থেকে ধরে এনে বিদ্যালয় প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। পরে বিদ্যালয়ের একটি দেবদারু গাছের সঙ্গে গামছা দিয়ে তাদের দুজনকে বেঁধে রেখে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের উপস্থিতিতে নির্যাতন চালানো হয়।
এ সময় উপস্থিত কয়েকজন পুরো ঘটনার ভিডিও ধারণ করে তা অনলাইনে ছড়িয়ে দেয়। এই ঘটনায় স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে নির্যাতনের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগ উঠেছে।নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর চরম মানসিক যন্ত্রণায় ওই স্কুলছাত্রী বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে রাহুথড় উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।
ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছে এবং স্থানীয়রা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে স্থানীয় এক রাজনৈতিক নেতার সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেলেও তিনি দাবি করেছেন যে তিনি কেবল তাদের অভিভাবকদের হাতে তুলে দিয়েছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন ঘটনার সময় তিনি বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না এবং সভাপতির সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। কাশিয়ানী থানার পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন