আগস্ট ৪, ২০২৬, ১০:৪৭ পিএম
বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা সুনামগঞ্জের জনপ্রিয় পর্যটনকেন্দ্র টাঙ্গুয়ার হাওরের একাংশে হাউসবোটসহ পর্যটকবাহী সব ধরনের নৌযান চলাচলের ওপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। ইঞ্জিনচালিত নৌকাগুলোর অনিয়ন্ত্রিত চলাচল এবং পর্যটকদের ফেলা দেওয়া ময়লা-আবর্জনা হাওরের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যের ভারসাম্য নষ্ট করায় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এর অর্থ এই নয় যে পর্যটকরা পুরোপুরি হাওর ভ্রমণ থেকে বঞ্চিত হবেন।হাওরের যে অংশ প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে পরিচিত, কেবল সেখানেই এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মতিউর রহমান খান জানান যে এর আগে গত বছরের জুন মাসে জেলা প্রশাসনের পক্ষ থেকে একই ধরনের নির্দেশনা দেওয়া হলেও পর্যটকবাহী অনেক নৌকা তা অমান্য করেছিল।
এই পরিস্থিতি নিয়ন্ত্রণে গত বছরের নভেম্বরে টাঙ্গুয়ার হাওর ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ জারি করে সরকার। সেটির আলোকেই এবার নতুন করে নির্দেশনা জারি করে তা কঠোরভাবে প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নৌযানগুলোকে শৃঙ্খলার মধ্যে আনতে আগামী এক সপ্তাহের মধ্যে নিবন্ধনের জন্য আবেদন করতে বলা হয়েছে।
এছাড়াও পর্যটকদের নিরাপত্তায় প্রতিটি নৌকায় লাইফ জ্যাকেট, লাইফবয় রিং ও অগ্নিনির্বাপক যন্ত্র রাখাসহ বেশকিছু নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই আদেশ অমান্য করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন