রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হবিগঞ্জে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১০, ২০২৬, ০৩:৫০ পিএম

হবিগঞ্জে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার পানিউমদা ইউনিয়নের রোকনপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালকসহ আরও দুই জন গুরুতর আহত হয়েছেন।নিহত তিন জনই পেশায় সবজি ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ইনাতগঞ্জ বাজারের কয়েকজন সবজি ব্যবসায়ী ও কর্মচারী একটি পিকআপ ভ্যানে করে বাহুবল উপজেলার দিগাম্বর বাজারে কাঁচামাল কিনতে যাচ্ছিলেন। পথিমধ্যে রোকনপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লাকি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপ ভ্যানটির সজোরে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মশহুদ আহাম্মদ নামের এক ব্যবসায়ী নিহত হন। গুরুতর আহত অবস্থায় পিকআপ ভ্যানের চালকসহ চার জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আবুল কাশেম ও ময়না মিয়া নামের আরও দুই ব্যবসায়ীর মৃত্যু হয়।দুর্ঘটনাকবলিত বাসটি আউশকান্দি এলাকা থেকে আটক করেছে পুলিশ এবং বাস ও পিকআপ ভ্যানটি হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক জসিম উদ্দিন নিশ্চিত করেছেন।