শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,

কেল্লা বাবার দানবাক্সে কত পেল মাজার?

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৮, ২০২৬, ০৬:৩৭ পিএম

কেল্লা বাবার দানবাক্সে কত পেল মাজার?

ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ঐতিহ্যবাহী কেল্লা বাবার মাজারের চারটি দানবাক্স থেকে ১ কোটি ৩ লাখ ৩শ ৫১ টাকা পাওয়া গেছে। সোমবার সকাল থেকে শুরু হওয়া এই অর্থ গণনা সাড়ে ১৯ ঘণ্টা স্থায়ী হয় এবং মঙ্গলবার ভোরে গণনা সম্পন্ন হয়। নগদ টাকার পাশাপাশি দানবাক্সগুলো থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে।

মাজারের ওরস শেষ হওয়ার পর সোমবার সকাল ৯টায় আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাজার পরিচালনা কমিটির সহসভাপতি তাপসী রাবেয়ার উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। সোনালী ব্যাংকের প্রায় ৫০ জন কর্মকর্তা এবং স্থানীয় মাদ্রাসার অর্ধশতাধিক শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকের সম্মিলিত প্রচেষ্টায় এই বিশাল অংকের অর্থ গণনা করা হয়। গণনা শেষে সংগৃহীত অর্থ সোনালী ব্যাংকের স্থানীয় শাখায় জমা দেওয়া হয়েছে।

মাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ১০ আগস্ট সাত দিনব্যাপী ওরস শুরু হয় এবং ১৪ আগস্ট আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়। এই ওরসে দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত সমবেত হন এবং মাজারে নগদ অর্থ, সোনা-রুপা ও বৈদেশিক মুদ্রা দান করেন। ৭০০ বছরের পুরোনো এই মাজার প্রতিবছরই ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে।

মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, ২০২১ সালে ৬১ লাখ, ২০২২ সালে ৬৪ লাখ এবং ২০২৩ সালে ৮৪ লাখ টাকা সংগৃহীত হয়েছিল। এবারই প্রথম কেল্লা বাবার মাজারের দানবাক্সের জমা কোটি টাকার মাইলফলক অতিক্রম করল বলে জানানো হয়েছে।