আগস্ট ২২, ২০২৬, ০৭:৪৫ পিএম
সিলেটের বিয়ানীবাজার উপজেলার সুনাই নদীতে আগামী ২৮ আগস্ট অনুষ্ঠিতব্য নৌকাবাইচ প্রতিযোগিতা বন্ধের দাবি জানিয়েছে তৌহিদী জনতা নামের একটি পক্ষ। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে দাবি তোলা ব্যক্তিরা জানিয়েছেন, ধর্মীয় কোনো কারণে নয়, বরং নদীর দুই পাড়ের কৃষকদের ধান রক্ষা ও নদীভাঙন প্রতিরোধের জন্যই তারা এই আয়োজন বন্ধের দাবি তুলেছেন।
নৌকাবাইচকে কেন্দ্র করে অতীতে সংঘাতের ঘটনাও ঘটেছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে প্রথম প্রচার শুরু করেন এক যুবক। পরবর্তীতে একটি মসজিদে পরামর্শ সভার আয়োজন করে প্রতিযোগিতাটি বাতিলের দাবি জানানো হয়। আয়োজিত সেই সভায় স্থানীয় মুরব্বি ও আলেমেরা জানান, নৌকাবাইচের কারণে নদীর পাড় ও আবাদি জমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এছাড়া বিগত বছরগুলোতে এই আয়োজনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও প্রাণহানির মতো গুরুতর ঘটনাও ঘটেছে। এসব কারণে সাধারণ কৃষকদের ফসল ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতেই তাঁরা এই প্রতিযোগিতার বিরোধিতা করছেন। স্থানীয় প্রবীণ ব্যক্তি ও আলেমদের মতে, এটি কোনো ধর্মীয় বিরোধ নয়, বরং সম্পূর্ণ সামাজিক ও জনস্বার্থের বিষয়।
তবে আয়োজকপক্ষ ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা সফল করতে অনড় অবস্থানে রয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার জানান, নদীর পাড় ও আবাদি জমির ক্ষয়ক্ষতির কথা বিবেচনা করে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে এবং প্রশাসনিক অনুমতি সাপেক্ষেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন